শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

রোনালদোর রেকর্ড, শেষ ষোলোয় পর্তুগাল

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। যার ফলে শেষ ষোলোয় উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে আছে একবারের চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে দুই দলই লড়াই করে সমান তালে। প্রথম দিকে পর্তুগাল তুরস্কের রক্ষণে চাপ ধরে রেখে খেলতে থাকলেও গোলমুখ খুলতে পারছিল না। রক্ষণ সামলে আক্রমণের চেষ্টা করছিল তুরস্কও। ম্যাচের ২১ মিনিটে ডেডলক ভাঙেন বের্নার্দো সিলভা। নুনো মেন্দেসের পাস ডিফ্লেকট করে সিলভার কাছে পৌঁছায়। বক্সের মাঝ থেকে দারুণ শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। ২৯ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় পর্তুগালের।

বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। আক্রমণের ধার বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধে শুরুতেই স্কোর লাইন ৩-০ করে পর্তুগাল। ৫৫ মিনিটে সতীর্থের বাড়ানো লং পাস ধরে বক্সে ঢুকে পড়েন রোনালদো। গোলরক্ষককে একা পেয়েও নিজে শট নেননি তিনি। ফাঁকায় থাকা ব্রুনো ফার্নান্দেসের দিকে বল বাড়িয়ে দেন দলনেতা। ঠাণ্ডা মাথায় প্লেসিং শটে গোল কেরে ব্যবধান বাড়ান ফার্নান্দেস।
এই অ্যাসিস্টের সঙ্গে নতুন রেকর্ড গড়েন রোনালদো। ইউরো চ্যাম্পিয়নশিপে রোনালদোর এটি অষ্টম অ্যাসিস্ট। ইউরোতে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড এখন তার দখলে। ৬৬ মিনিটে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো। বেনার্দো সিলভার উঁচু করে বাড়ানো বলে ফাঁকায় থাকা রোনালদো হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি।

ম্যাচের শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। তবে পর্তুগালের রক্ষণ ভেদ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর