শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

*** পাহাড় সমান বাধার সামনে দাঁড়াতেই কাঁপাকাঁপি বাংলাদেশের ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

বাংলাদেশ কি দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাটিংয়ে নামাতে পারবে? মিরপুর টেস্টে এখন বড় প্রশ্ন সম্ভবত এটিই। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশকে যে আরেকবার দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে নামাতেই করতে হবে ২০২ রান!

গতকাল প্রথম দিনেই বাংলাদেশকে অলআউট করার পর ৩৪ রানের লিড আর হাতে ৪ উইকেট নিয়ে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ দ্বিতীয় দিনে তাদের দ্রুত অলআউট করার আশায় ছিল বাংলাদেশ, কিন্তু কাইল ভেরেইনা আর উইয়ান মুল্ডার তা হতে দিলে তো! শেষ পর্যন্ত মুল্ডারের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি আর ভেরেইনার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা তুলেছে ৩০৮ রান।
এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে এরই মধ্যে দুই উইকেট হারিয়েও ফেলেছে। ইনিংসের তৃতীয় ওভারেই কাগিসো রাবাদার বলে শর্ট লেগে ক্যাচ তুলে দিয়েছেন সাদমান ইসলাম (১), এর ৩ বল পর স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন মুমিনুল হক (০)। বাংলাদেশের রান ২ উইকেটে ৪।

মিরপুরের পিচে কীভাবে ব্যাটিং করতে হবে, সেটাই যেন স্বাগতিক বাংলাদেশকে শিখিয়ে দিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে কাইল ভেরেইনা। এ পিচে বল ঘোরে বেশি, মাঝে মধ্যে বেশ নিচু হয়ে আসে – সে কারণে এখানে সুইপ, রিভার্স সুইপ আর বল পিচ করার জায়গায় গিয়ে শট খেলাটাই সাধারণ কৌশল। বাংলাদেশ সাধারণ এই কাজটা করতে ব্যর্থ হলেও দক্ষিণ আফ্রিকার হয়ে সেটা দারুণভাবে করেছেন ভেরেইনা আর মুল্ডার।

বাংলাদেশ প্রথম ইনিংসে পুরো দল যত রান করেছে, ভেরেইনা আর মুল্ডারের সপ্তম উইকেট জুটিই করেছে তার চেয়ে বেশি। ১১৯ রানের সে জুটি ভাঙে ইনিংসের ৬৫তম আর দিনের ২৪তম ওভারে হাসান মাহমুদের বলে মুল্ডার স্লিপে ক্যাচ দেওয়ায়। তার আগে দারুণ ফিফটি তুলে নিয়েছেন মুল্ডার, শেষ পর্যন্ত তিনি আউট হন ৫৪ রান করে। তিনি আউট হওয়ার সময়েই দক্ষিণ আফ্রিকার লিড হয়ে যায় ১২১ রান!

এর পরের বলে কেশব মহারাজের ব্যাট-প্যাডের ফাঁক গলে হাসানের ডেলিভারিটা অফ স্টাম্পে আঘাত হানলে বাংলাদেশ আবার নতুন করে স্বপ্ন দেখে। এই বুঝি দক্ষিণ আফ্রিকাকে ১৫০ রানের লিডের মধ্যে আটকে রাখা গেল। কিন্তু ততক্ষণে ফিফটি তুলে নেওয়া ভেরেইনা তা হতে দিলেন না।

এই পিচে যে রক্ষণাত্মক ভঙ্গিতে না খেলে বরং সুইপ, রিভার্স সুইপ আর ডাউন দ্য উইকেটে এসে রান তোলাই সমাধান, সেটা দ্রুত বুঝতে পেরেছেন ভেরেইনা। তাতে সফলও হয়েছেন। ফলে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল আর মিরাজের হাতে অস্ত্র কমে গেল! গতকাল পাঁচ উইকেট পাওয়া তাইজুল আজ উইকেটই পাননি, মিরাজ নিয়েছেন শেষ দুই উইকেট।

ভেরেইনা আর মুল্ডার সকাল থেকেই বাউন্ডারি তুলে নিতে থাকায় বাংলাদেশকে ফিল্ড ছড়িয়ে দিতে হয়, এতে আবার সিঙ্গেল তুলে নেওয়ার সহজ সুযোগ পেয়ে যান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

লাঞ্চ ব্রেকে হাতে দুই উইকেট নিয়ে ১৩৭ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার হয়ে ভেরেইনা সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৩৪ বলে (৮ চারে)। সেঞ্চুরিটাও এসেছে সুইপে রান নিয়ে। মাঝে দুই বলে দুই উইকেট পড়ার পর নবম উইকেটে আবার ডেইন পিটকে (৩২) নিয়ে ৬৬ রানের জুটি গড়েন ভেরেইনা।

শেষ পর্যন্ত দলীয় ২৯৩ রানে পিট বিদায় নিলেও ভেরেইনা দক্ষিণ আফ্রিকাকে ৩০০ পার করিয়েই শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন। তার আগে মুগ্ধতা ছড়িয়েছেন ১৪৪ বলে ৮ চার ২ ছক্কায় ১১৪ রানের ইনিংসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর