*** আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির ***

*** আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির ***

বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় দেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সময়ের পোস্টগুলো স্পষ্ট করছে তা; সঙ্গে ভক্তদের মাঝে ভাগ করে নিচ্ছেন তার প্রিয় দলকে নিয়ে উন্মাদনা।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের জয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন পরীমণি। ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সিতে সাজিয়ে কিছু ছবিও প্রকাশ করেছিলেন। লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’ এর দুদিন পরই বিশ্বকাপ ও আর্জেন্টিনা নিয়ে নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও পোস্ট করলেন পরীমণি, যেখানে তাকে দেখা গেল একেবারে ভিন্ন ও চমকপ্রদ কিছু আবহে।

ভিডিওটিতে দেখা যায়, পরীমণি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা রঙের জার্সি পরে আছেন, যার সামনে ‘মেসি ১০’ এবং পেছনে ‘PORI’ লেখা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আর্জেন্টিনার ফুটবলারদের নাম নিয়ে তৈরি একটি ট্র্যাক বাজতে শোনা যায়।

গানটিতে যখনই একজন করে আর্জেন্টাইন তারকার নাম ধরে ‘লা স্ক্যালোনেটা’র আগমনী বার্তা দেওয়া হচ্ছিল, পরীমণি ঠিক সেই ফুটবলারের মাঠের চেনা উদযাপন বা সিগনেচার পোজটি হুবহু অনুকরণ করে দেখাচ্ছিলেন। ভিডিওতে আসল ফুটবলারদের খেলার মাঠের ক্লিপের সাথে পরীমণির এই মেলবন্ধন ভক্তদের বেশ নজর কেড়েছে।

ভিডিওটিতে পরীমণিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচ, মোলিনার উল্লাস, রোমেরো ও সেনেসির মতো ফুটবলারদের কিছু সিগনেচার ভঙ্গিগুলো নকল করতে দেখা যায়।

এছাড়াও ম্যাক অ্যালিস্টার, পারেদেস, ফেরনান্ডেজ, আল্ভারেজ, গঞ্জালেজদের পোজগুলোও অনুকরণ করেন পরীমণি। এরপর জার্সি গায়ে, হাতে রঙিন জরি গায়ে মেখে নিজের এক গ্ল্যামারাস এক উপস্থিতিতে ধরা দেন পরীমণি।
পরীমণির এই ভিন্নধর্মী পোস্টটি ভক্তদের বেশ নজর কেড়েছে। ভক্তদের অনেকে মন্তব্য ঘরে রসাত্মক মন্তব্যও করেছেন, আবার আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তরা তার এই উদযাপনের জন্য শুভেচ্ছা-সাধুবাদ জানিয়েছেন। আবার অনেক চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকও পরীমণির এই আর্জেন্টিনা প্রীতি দেখে মজার মজার মন্তব্যও জুড়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media