জালালুর রহমান শাহুঃ সিটি রিপোর্টার
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
চিফ প্রসিকিউটর আরও বলেন, পর্যায়ক্রমে মামলার অন্যান্য পলাতক আসামি যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন আইসিটি কেস-৫/২৬ মামলায় আজিজ আহমেদসহ মোট ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।
তদন্ত শুরু হওয়ার পর থেকেই আজিজ আহমেদ পলাতক রয়েছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাকে শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হতে পারে। এরপর বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে হাজির করার বিষয়টি এগিয়ে নেওয়া হবে।