ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৩৪ লাখ টাকা।
সোমবার দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
মঙ্গলবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে ইসলামপুর এলাকায় সেটি থামিয়ে তল্লাশি করা হয়।
পরে ভ্যান থেকে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। জব্দ জিরা ও কাভার্ড ভ্যানটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় এ জিরা জব্দ করা হয়েছে।