ভিপি পারভেজ, সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
সংবাদ প্রকাশের জেরে দি নিউ নেশন-এর সোনারগাঁ প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজকে হামলা-মামলার হুমকির অভিযোগ উঠছে কলাপাতা বার্গারের মালিক ব্যাবসায়ী মামুন সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন সাংবাদিক
জহিরুল ইসলাম সিরাজ।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পানাম ফুড রেস্তোরাঁয়
আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ বলেন , গত ২৯ আগস্ট আল মদিনা শপিং মলের মালিক মাজহারুল ইসলাম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি কলাপাতা বার্গারের মালিক মামুন শিকদার এর বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। ঐ সংবাদ সম্মেলনে সোনারগাঁওয়ের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যের ভিত্তিতে পরবর্তীতে সংবাদ প্রকাশ করা হয়।
সাংবাদিক সিরাজের দাবি, সংবাদটি প্রকাশের পরদিন মামুন শিকদার তাকে ফোন করে সংবাদ প্রকাশের কারণ জানতে চান এবং এ সময় তাকে হামলা ও মামলার হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম সিরাজ আরো বলেন, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ পেয়েছেন।
তিনি আরো বলেন, একজন সাংবাদিকের দায়িত্ব হলো জনগণের সামনে সত্য ও তথ্যভিত্তিক সংবাদ তুলে ধরা। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, মামলা বা ভয়ভীতি দেখানো হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি গ্যাস অবৈধভাবে বিক্রির অভিযোগে রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে বলেও দাবি করেন। পাশাপাশি রেস্টুরেন্ট, বেকারি ও মিষ্টি তৈরির কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে কলাপাতা বার্গারের পরিচালক মামুন শিকদার মোবাইল ফোনের রেকর্ড অস্বীকার করে বলেন , “আমি কোনো হুমকি দিইনি। আমি শুধু বলেছি, আপনি যে সংবাদ প্রকাশ করেছেন, সেখানে আমার বক্তব্য নেওয়া হয়নি। আমি চাইলে আইসিটি আইনে মামলা করতে পারি।”
এ বিষয় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজের পক্ষ থেকে হুমকির বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।