ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের পর্দা নেমেছে গত ১৯ জুলাই। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন। তবে ম্যাচ শেষ হলেও ফাইনাল ঘিরে বিতর্ক থামেনি। রেফারিং ও ভিএআরের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে আর্জেন্টিনায় একটি অনলাইন ক্যাম্পেইন শুরু হয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্ম চেঞ্জডটওআরজি-তে গিসেলা সানচেজ নামে এক ফুটবল সমর্থক এই পিটিশন চালু করেন। সর্বশেষ সেখানে ৬১ হাজার ৫০০-এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন। পিটিশনে ফিফার কাছে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের ম্যাচ পরিচালনা এবং ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
পিটিশনের উদ্যোক্তার দাবি, ফাইনালে এমন কিছু রেফারিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে। পাশাপাশি তিনি কয়েকটি অনিয়মের অভিযোগও তুলেছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো যাচাইকৃত বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং পুরো বিষয়টি পর্যালোচনার জন্য ফিফার প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে এই ধরনের অনলাইন পিটিশনের কোনো আনুষ্ঠানিক বা আইনি বাধ্যবাধকতা নেই। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে প্রতিযোগিতার ফল পরিবর্তন বা ম্যাচ পুনরায় আয়োজন করতে বাধ্য করার ক্ষমতাও এ ধরনের আবেদনের নেই।