সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সারা দেশের বিভিন্ন জেলায় রাস্তা অবরোধ, বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জেলায় জেলায় আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে।
নারায়ণগঞ্জ
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ। অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
দুপুর সাড়ে ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়ে এখনও চলছে। চাষাঢ়া মোড় থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক ও চট্টগ্রাম মহাসড়কে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ও সাইবোর্ড এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় বিভিন্ন এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ও হামলার ঘটনা। এতে জেলায় অন্তত চারজন ছাত্র আহত হয়েছেন।
সকালে সদর উপজেলার সরোজগঞ্জ ও বদরগঞ্জ এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই অবস্থা দেখা যায় শহরের সরকারি কলেজের সামনেও। এখানে ছাত্রলীগের হামলায় অন্তত চারজন ছাত্র আহত হন। তাদের মধ্যে মাসুদ রানা (২১) নামের এক আহত সাধারণ শিক্ষার্থীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গাজীপুর
‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় অবরোধের কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থায় রয়েছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে লাঠি-জাতীয় পতাকাসহ মিছিল নিয়ে মহাসড়কে উঠে পড়েন ৩-৪ শতাধিক শিক্ষার্থী। এসময় তাঁরা কোটা সংস্কার ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। ১৫-২০ মিনিট অবস্থানের পর মহাসড়ক ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা চলে যাওয়ার পর পেছন থেকে তাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। এসময় তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘আন্দোলনকারীরা অল্প কিছুক্ষণ মহাসড়কে ছিলেন। তবে তারা কোনো বিশৃঙ্খলা করেনি। নিজেদের মতো করে বিক্ষোভ করে চলে গেছেন।’
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ডিসি অফিসের সামনে ঝড়ো হয় শিক্ষার্থীরা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা কঠোর অবস্থানে রয়েছে।
Leave a Reply