মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

*** ওদের ‘খুনের জুলাই’ চলমান: ফারুকী ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) তাঁর ওপর এমন হামলার পরই নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিন বিকেলে হাদির দ্রুত সুস্থতা প্রার্থনা করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। যেখানে তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার পলাতক মন্ত্রী ও নেতাকর্মীদের নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। আজ আবারও সেই বিষয়টি তুলে ধরেন উপদেষ্টা।
শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘‘জুলাইতে ওরা (আওয়ামী লীগ) শতশত স্বাধীনতাকামী মানুষকে খুন করেছে। তারপর ভারতে পালিয়ে গিয়েও খুনের হুমকি দিচ্ছে, খুন করছে। ওদের ‘খুনের জুলাই’ চলমান।’’
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য দৃশ্যমান হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আর আমরা কী করছি? নির্বাচন যত ঘনিয়ে আসছে, একদল আরেকদলকে আক্রমণ করছি, রেটোরিকের লড়াই চালাচ্ছি। মনে রাখবেন, আমাদের অনৈক্যই খুনীদের শক্তি।’
ঐক্যের প্রতি গুরুত্ব দিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, ‘এখনই সময় আবার ঘন হয়ে আসার, গোল হয়ে আসার। ফ‍্যাসিবাদীরা বিচারের মুখোমুখি হওয়াতো দূরের কথা, কোনো অনুশোচনা বোধ করে নাই। বরং খুনের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এখনই সময় সিদ্ধান্ত নেয়ার, ফ‍্যাসিবাদীদের আর এক চুলও ছাড় নয়।’

যোগ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে বিনয়ের সাথে একটু খেয়াল করিয়ে দিতে চাই—আপনারা যদি কেবল ইলেকশনকেই পুলসিরাত মনে করেন; মহা ভুল করবেন। বাংলাদেশের পুলসিরাত আগামী দশ বছরের লম্বা পথ। বুদ্ধিমান হন। দায়িত্বশীল আচরণ করুন। জুলাইয়ের চেতনাকে রক্ষা করুন। বাংলাদেশ দীর্ঘজীবী হউক।
সবশেষে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির প্রতি বার্তা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী বলেন, ‘আর বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী শক্তির প্রতি একটাই বার্তা—জুলাই আমাদের বদলে দিয়েছে চিরতরে। বাংলাদেশ আর কারও দাসত্ব করবে না। হাদি একজন না। হাদিরা হাজারে হাজার, কাতারে কাতার।’
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে একটি অস্ত্রোপচার করা হয়, তবে শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় হাদিকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর