মাদারীপুরের ডাসারে শেখ হাসিনার মামলার ১৭ নভেম্বর রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সড়ক অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
আগামী ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।
আজ রোববার ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে দলীয় নেতা-কর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক। পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন নেতা-কর্মীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সড়ক থেকে সটকে পড়ে। বন্ধ হয়ে হওয়া সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
Leave a Reply