মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

*** হাফ সেঞ্চুরি ছাড়ালো পাকিস্তানের তাপমাত্রা ***

স্টফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৬৩ বার পঠিত
ফাইল ছবি

জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ উপমহাদেশের দেশগুলো বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান নজিরবিহীন তাপমাত্রা পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে তাপমাত্রা পারদ ৫২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

চলমান গ্রীষ্ম মৌসুমে এটিই সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয় বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।

পরিবেশবিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গত মাস থেকেই এশিয়াজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা শহীদ আব্বাস রয়টার্সকে বলেন, ‘সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়ে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ’

প্রাচীন সিন্ধু সভ্যতার শহর হিসেবে পরিচিত মহেঞ্জোদারো একটি ছোট শহর। গ্রীষ্ম মৌসুমে শহরটিতে ভয়াবহ গরম দেখা যায়। তবে এ বছরের গরম আগের বছরগুলোর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা যাচ্ছে।

এদিকে গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক সমন্বয়কারী রুবিনা খুরশীদ আলম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান পঞ্চম। সম্প্রতি পাকিস্তানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি ও বন্যা দেখেছি আমরা। এখন দেখছি অস্বাভাবিক তাপপ্রবাহ। ’

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সরদার সরফরাজ বলেন, ‘এর আগে ২০১৭ সালে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে সর্বোচ্চ ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা। ’

তিনি আরও জানান, মহেঞ্জোদারোর তাপমাত্রা দুই একদিনের মধ্যে কমে যেতে পারে। তবে করাচি ও সিন্ধু প্রদেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর