বন্যার কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান।
এর আগে বন্যার কারণে আখাউড়া-আগরতলা সড়কের জাজিরা খালের ওপর নির্মিত বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় আমদানি-রপ্তানি।
আখাউড়া স্থল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, অতি বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির তোড়ে গত ২১ আগস্ট বন্দরে পানি উঠে অচল হয়ে পড়ে। এরপর অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষণা করা হয় ইমিগ্রেশনের কার্যক্রম। এতে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। ২৬ আগস্ট ইমিগ্রেশনের কার্যক্রম সচল হলেও বন্দরে যাতায়াতের আখাউড়া-আগরতলা সড়কের জাজিরা খালের ওপর স্থাপিত ক্ষতিগ্রস্ত বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়। মেরামত না হওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ থাকে। গতকাল সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হলে পুরোপুরি শুরু হয় আমদানি-রপ্তানি।
আখাউড়া স্থলবন্দরের এই কর্মকর্তা বলেন, এই বন্দর দিয়ে প্রতিদিন আনুমানিক দেড় কোটি টাকার পণ্য রপ্তানি হয়। যার বেশিরভাগই মাছ। এরপরই রয়েছে সিমেন্ট, রড, প্লাস্টিক সামগ্রী, ভোজ্য তেল ইত্যাদি। তবে তেমন কোনো পণ্য আমদানি হয় না।
সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী মো. নজরুল ইসলাম বলেন, ‘বন্যার কারণে আখাউড়া স্থলবন্দরে যাওয়া রাস্তায় নির্মিত বেইলি সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর সড়ক ও জনপদ অধিদপ্তরের মাধ্যমে গতকাল এটিকে চলাচলের উপযুক্ত করা হয়। এখন এটি দিয়ে যাতায়াতের কোনো অসুবিধা নেই।’
Leave a Reply